বাংলাদেশে প্রথমবারের সম্পূর্ণ বাহু প্রতিস্থাপন
, বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে কনুইয়ের জয়েন্টসহ সম্পূর্ণ বাহু প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ঢাকার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সাত সদস্যের একটি মাল্টিডিসিপ্লিনারি বোর্ড টানা চার ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার পরিচালনা করে। চিকিৎসাবিজ্ঞানে অঙ্গ না কেটে ক্যানসার নির্মূলের এই প্রক্রিয়াকে ‘লিম্ব স্যালভেজ’ বা অঙ্গ বাঁচানোর চিকিৎসা পদ্ধতি বলা হয়।
এই জটিল অস্ত্রোপচারের মূল প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল ক্যানসার কোষমুক্ত এলাকা নিশ্চিত করা, যেন হাড়ের চারপাশে কোনো ক্যানসার কোষ অবশিষ্ট না থাকে। অস্ত্রোপচার চলাকালে ভাস্কুলার সার্জন ডা. এস এম পারভেজ আহমেদ সোহেল সংবেদনশীল রক্তনালি ও স্নায়ুগুলো অক্ষত রাখেন। এরপর সংক্রামিত অংশ অপসারণ করে রোগীর জন্য বিশেষভাবে তৈরি কৃত্রিম প্রস্থেসিস ইমপ্লান্ট সফলভাবে প্রতিস্থাপন করা হয়।
ইতিপূর্বে ২০১৯ সালে এই বিশেষজ্ঞ দলটি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ উরুর হাড় প্রতিস্থাপন করেছিল। যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত ‘রয়্যাল অর্থোপেডিক হসপিটাল’ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের এই সাফল্য দেশে সাশ্রয়ী মূল্যে আধুনিক অনকোলজি চিকিৎসার নতুন সম্ভাবনার উন্মোচন করেছে।
